← সব গল্প ও গাইড

Aviggo.com কী এবং কেন তৈরি করা হয়েছে?

17 Sep 2026·4 মিনিট পড়া

মানুষের প্রয়োজন বিবেচনায় একে-অপরের মধ্যকার দূরত্ব কমানোর জন্যই অভিজ্ঞ.কম তৈরি হয়েছে।

আমাদের চারপাশে অসংখ্য মানুষ আছেন, যারা কোনো না কোনো কাজ খুব ভালো পারেন। কেউ ইলেকট্রিকের কাজ করতে পারেন, কেউ গাড়ি চালাতে পারেন, কেউ স্টুডেন্ট পড়াতে পারেন, কেউ চুল কাটতে পারেন, কেউ আবার মোবাইল বা ফ্রিজ মেরামত করেন, কেউ রান্না করেন, কেউ সেলাই মেশিনে কাজ করেন, আবার কেউ ছোট একটি দোকান, সেলুন, ফার্মেসি বা স্থানীয় ব্যবসা পরিচালনা করেন।

তাদের মধ্যে সবারই হয়তো বড় কোনো ডিগ্রি নেই, নির্দিষ্ট কোন কোম্পানিতে জব করারও কোন অপশন নাই, কিংবা নিজের কাজ মানুষের কাছে পৌঁছে দেওয়ার সুযোগটাও নেই। কিন্তু তাদের রয়েছে বাস্তব কাজের দক্ষতা।

অন্যদিকে প্রতিদিন অসংখ্য মানুষ এমন কাউকে খুঁজছেন, যিনি তাদের কাজ গুলো করে দিতে পারবেন। যেমন, কারও বাসায় হঠাৎ ইলেকট্রিশিয়ান দরকার পড়লো, কারও AC নষ্ট হয়ে গেছে, অথবা কেউ সন্তানের জন্য একজন শিক্ষক খুঁজছেন, আবার কেউ নিকটস্থ ভালো কোন সেলুন খুঁজছেন, কেউ আবার এমন কোন মানুষ খুঁজছেন যে কাজের জন্য বিশ্বস্ত।

আর এই চাহিদা গুলো পূরণ করার জন্য আমরা অনেক ক্ষেত্রেই পরিচিত মানুষ অথবা Facebook group ওপর নির্ভরশীল, এছাড়া অনেক সময় আমরা নিজেই খুঁজতে বেরিয়ে পড়ি। কিন্তু এই দুই পক্ষের মানুষ আসলে একে অন্যকে খুঁজছেন। একজনের কাছে কাজ আছে, আরেকজনের কাছে সেই কাজ করার দক্ষতা আছে। তবে সমস্যাটা হলো, তারা একে অন্যের কাছে পৌঁছাতে পারছেন না। তাই এই দূরত্বটাকেই কমানোর জন্য Aviggo.com।

Aviggo.com কে আমরা এমন একটি স্থানীয় ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে চাই, যেখানে যে কোন মানুষের প্রয়োজন, দক্ষতা, কাজ এবং স্থানীয় ব্যবসা এক জায়গায় যুক্ত হতে পারবে। আমাদের লক্ষ্য শুধু একটি ওয়েবসাইট বা এ্যাপ বানসনো নয়, আমাদের লক্ষ্য হলো সমাজে এমন একটি ব্যবস্থা তৈরি করা, যেখানে একজন মানুষ নিজের কাজের পরিচয় নিজে তৈরি করতে পারবেন এবং আরেকজন মানুষ তার কাজের জন্য সঠিক ব্যক্তিকে সহজে খুঁজে নিতে পারবেন।

আমরা বিশ্বাস করি, একজন মানুষের পরিচয় শুধু তার সার্টিফিকেট বা চাকরির পদবি দিয়ে নয়। একজন মানুষ যা পারেন, যে কাজে তার দক্ষতা আছে, সেটিই তার পরিচয়ের গুরুত্বপূর্ণ অংশ।

তাই Aviggo.com এর শ্লোগান হল
কোন মানুষ অদক্ষ নয়, আপনি যা পারেন, সেটাই আপনার পরিচয়।

একজন গ্রাম্য মেকানিক হয়তো কোনো বড় প্রতিষ্ঠানে কাজ করেননি, কিন্তু দশ বছর ধরে মানুষের মোটরসাইকেল ঠিক করছেন। একজন নারী হয়তো তিনি কোনো বিউটি ইনস্টিটিউটের সার্টিফিকেটধারী নন, কিন্তু নিজের এলাকায় বছরের পর বছর ধরে মানুষের মেকআপ ও বিউটি কেয়ার করছেন। একজন ছাত্র হয়তো এখনও বিশ্ববিদ্যালয়ে পড়ছেন, কিন্তু তিনি স্কুলের শিক্ষার্থীদের খুব ভালো গণিত শেখাতে পারেন। আবার একজন ছোট দোকানদার হয়তো অনলাইনে নিজের ব্যবসা শুরু করতে চান।

Aviggo এমন মানুষদের জন্য জায়গা তৈরি করতে চায়।

একজন Provider Avigg.com এ নিজের প্রোফাইল তৈরি করে বলতে পারবেন তিনি কী কাজ করছেন, কোথায় কাজ করেন, কী ধরনের সেবা দিচ্ছেন এবং কখন তাকে পাওয়া যাবে। এইভাবে একজন স্থানীয় ব্যবসায়ী নিজের দোকান বা প্রতিষ্ঠানের তথ্য, লোকেশন, সময়সূচি, সেবা বা পণ্য তুলে ধরতে পারবেন।

অন্যদিকে একজন Customer তার প্রয়োজন অনুযায়ী কাছাকাছি মানুষ বা ব্যবসা খুঁজতে পারবেন, কোন কাজ পোস্ট করতে পারবেন, যোগাযোগ করতে পারবেন অথবা প্রয়োজন অনুযায়ী বুকিং করতে পারবেন।

আমাদের লক্ষ্য হলো, কাজ খোঁজার পদ্ধতিটাকে আরও সহজ এবং আরও মানবিক করা।

আমরা এমন একটি ভবিষ্যৎ কল্পনা করি, যেখানে একজন দক্ষ মানুষকে প্রতিদিন কাজের খোঁজে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হবে না। তার একটি ভালো Aviggo profile থাকবে, তার কাজের অভিজ্ঞতা থাকবে, মানুষ তার আগের কাজের তথ্য ও মতামত দেখতে পারবে।

অর্থাৎ শুধু মানুষ কাজ খুঁজবে না—কাজও মানুষকে খুঁজে নেবে।

এমনিভাবে Customer-এর জন্যও আমরা পুরো বিষয়টাকে সহজ করতে চাই। ধরুন, আপনার বাসায় হঠাৎ একজন plumber দরকার। আপনার কাছে কোনো পরিচিত নম্বর নেই। তখন আপনাকে দশজনকে ফোন করে জিজ্ঞেস করতে হবে না, আপনার কাছে কি ভালো কোনো plumber এর সন্ধান আছে?

আপনি Avigg.com তে গিয়ে আপনার আশেপাশের সবচেয়ে দক্ষ মানুষ গুলোকে খুঁজে পেতে পারেন মাত্র কয়েক সেকেন্ডে। এবং আপনার নিকটবর্তী যেসব দক্ষ মানুষ গুলো কাজটি করতে পারেন, তাদের সাথে দ্রুত যোগাযোগও করতে পারবেন।

অনলাইনে আজ বড় বড় কোম্পানির উপস্থিতি আছে। কিন্তু আমাদের এলাকার ছোট দোকান, সেলুন, ওয়ার্কশপ, ক্লিনিক, ফার্মেসি, টেকনিশিয়ান কিংবা স্বাধীনভাবে কাজ করা মানুষদের অনেকেরই কোনো ডিজিটাল পরিচয় নেই। অথচ প্রতিদিন তাদের আশেপাশেই হাজারো মানুষ সেসব সেবা খুঁজছেন। তাই আমরা চাই স্থানীয় ব্যবসাগুলোতেও যেন প্রযুক্তির ছোঁয়া লাগে।